রংপুর মহানগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়া গ্রামের একটি তালাবদ্ধ ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছুয়াপাড়ার ওই বাড়িটি বেশ কিছুদিন ধরে তালাবদ্ধ ছিল। দীর্ঘ সময় ধরে বাড়ি থেকে কোনো সাড়াশব্দ না পাওয়া এবং ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে রংপুর মহানগর পুলিশের সদস্যদের পাশাপাশি সিআইডির তদন্ত দলও কাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

